বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ একাধিক দাবিতে আজ রোববার (১৯ অক্টোবর) ভুখা মিছিল করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। পুলিশের বাধার মুখে তারা আবার ফিরে যান কেন্দ্রীয় শহীদ মিনারে।
মূলত সেখান থেকেই শিক্ষক নেতারা ঘোষণা দেন, আগামীকাল সোমবার (২০ অক্টোবর) থেকে তারা আমরণ অনশনে যাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
শিক্ষক নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, আগামীকাল থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচি শুরু করছি। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। আজ সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ভাতায় ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় হিসেবে দেখছি।
তিনি আরও বলেন, যখন বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি হবে, তখনই আমরা চূড়ান্ত বিজয়ের কথা বলব। এর আগে আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব না।
শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলনের মুখে সরকার আজ বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে।
আজ (রোববার) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপ-সচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিদ্ধান্তটি জানানো হয়। আগামী নভেম্বর মাস থেকেই এ আদেশ কার্যকর হবে।
যদিও শিক্ষকরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এবং তাদের মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
পড়ুন : শিক্ষকদের বাধা দিলে অশান্তির দায় সরকারের, কঠোর হুঁশিয়ারি


