বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন–১ শাখা থেকে পাঠানো সরকারি পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
ওই পত্রে আরও বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইট চালুর পূর্ব পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি অবতরণের (ইমার্জেন্সি বা ডাইভারশন) ক্ষেত্রেও ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দর ও সংশ্লিষ্টদের বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
গত ২৬ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হয়।
চলতি বছরের ২ অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি দেওয়া হয়। ১২ অক্টোবর বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

