ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আজ বুধবার (২৬ নভেম্বর ২০২৫) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বছরের প্রতিপাদ্য দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি।”
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজওয়ানা নাহিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ জিন্নু রাইন।
বক্তারা বলেন, দেশীয় গবাদিপশুর জাত সংরক্ষণ ও উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন ব্যবস্থার প্রসার বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। তারা জানান, প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ কারণে মাঠ পর্যায়ে বিজ্ঞানভিত্তিক ও আধুনিক সেবার প্রাপ্যতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।
অনুষ্ঠানস্থলে স্থানীয় খামারিদের উদ্ভাবনী উদ্যোগ, দেশীয় জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য এবং আধুনিক প্রযুক্তির নানা উপকরণ নিয়ে সাজানো প্রদর্শনী ঘুরে দেখেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। খামারিরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও করণীয় তুলে ধরেন—আর কর্মকর্তারা মাঠ পর্যায়ে আরও নিবিড় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শেষে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শন, খামারি সম্মাননা প্রদান এবং সচেতনতামূলক আলোচনা শেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

