খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিকে সমর্থন জানায় দলটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। তিনি বলেন, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। কিন্তু দোষীদের বিরুদ্ধে এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর বিপরীতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়, যা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
সালেহ উদ্দিন আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও বহিষ্কৃতদের নাম প্রকাশ করেনি। অথচ একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজেই স্বীকার করেছেন, বহিষ্কৃতদের মধ্যে তাদের দলের সাতজন কর্মী রয়েছেন। এই অবস্থাকে প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ ও ফ্যাসিবাদী মনোভাব বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, বর্তমানে শিক্ষার্থীরা আমরণ অনশনে রয়েছেন। তীব্র গরমে তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবুও ২৬ জন শিক্ষার্থী অনশন চালিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।
এনসিপি নেতারা বলেন, দুই মাস আগে কুয়েট শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দিলেও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এটি প্রশাসনের দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার ইউজিসির একটি প্রতিনিধিদল কুয়েট পরিদর্শনে যাবে।
সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, কুয়েট সংকট সমাধানে উপাচার্যের পদত্যাগ জরুরি। একই সঙ্গে ইউজিসির নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনেরও আহ্বান জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, ফয়সাল মাহমুদ শান্ত, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন শিশির ও সাইফ মোস্তাফিজ। দলটি শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।
পড়ুন: অনশনের ৩য় দিনে দুর্বল হয়ে পড়েছেন কুয়েটের ২৭ ছাত্র
দেখুন: বিয়ে না করে বিদেশ যেতে চাওয়ায় ছাত্রীকে হ*ত্যা করে শিক্ষক’ |
ইম/

