০৯/১২/২০২৫, ২১:০৭ অপরাহ্ণ
21 C
Dhaka
০৯/১২/২০২৫, ২১:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চবি থেকে মুনতাসীর মামুনের ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদ বাতিল

দায়িত্ব পালন না করার অভিযোগে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনের ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ বাতিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। পাশাপাশি ২০২৩ সালের ১৫ মার্চের পর থেকে তিনি যে অর্থ নিয়েছেন, তা ফেরত দিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার তথ্য অনুযায়ী, জুলাই পর্যন্ত মুনতাসীর মামুনের ব্যাংক হিসাবে সম্মানী পাঠানো হয়েছে। সে হিসাবে তাকে প্রায় ৩৯ লাখ টাকা ফেরত দিতে হবে।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরে ১৯ অক্টোবর মুনতাসীর মামুনকে চিঠি পাঠানো হয়। তাতে জানানো হয়, চলতি বছরের ৯ মার্চ অনুষ্ঠিত বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির সপ্তম সভার সিদ্ধান্ত এবং ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভার অনুমোদনের ভিত্তিতে ২০২৩ সালের ১৫ মার্চ থেকে তার নিয়োগ বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘অধ্যাপক মুনতাসীর মামুন বঙ্গবন্ধু চেয়ার হিসেবে যে দায়িত্ব পেয়েছিলেন গবেষণা, প্রবন্ধ রচনা ও কর্মশালা আয়োজন তার কোনোটিই তিনি সম্পন্ন করেননি। অথচ প্রতি মাসে সম্মানী গ্রহণ করেছেন। এজন্যই সিন্ডিকেট সর্বসম্মতভাবে তার নিয়োগ বাতিল করেছে।’

এর আগে, ২০২৪ সালের নভেম্বরে বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির ষষ্ঠ সভায় দেড় বছরের বেশি সময় দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা গ্রহণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সভায় উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৫ মার্চের পর থেকে তিনি কোনো গবেষণা, প্রবন্ধ বা বক্তৃতা আয়োজনের প্রমাণ দিতে পারেননি।

চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করা চুক্তির শর্তগুলো পালন করেননি। প্রায় অর্ধ কোটি টাকার বেশি ভাতা নিয়েছেন, কিন্তু কোনো গবেষণা, প্রবন্ধ বা বক্তৃতা করেননি। বঙ্গবন্ধু চেয়ার পদের উদ্দেশ্যই ছিল বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা; কিন্তু সেখানে কোনো কাজের অগ্রগতি দেখা যায়নি।’

নীতিমালা অনুযায়ী, বঙ্গবন্ধু চেয়ারধারীকে প্রতি ছয় মাসে কাজের অগ্রগতি প্রতিবেদন দিতে হয় এবং বছরে অন্তত দুটি প্রবন্ধ ও চারটি বক্তৃতা আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এসব দায়িত্ব পালনের কোনো প্রমাণ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, জাদুঘর বা রেজিস্ট্রার দফতরে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদের সৃষ্টি হয়। ২০২১ সালে অধ্যাপক মুনতাসীর মামুনকে নিয়োগ দেয়া হয় আর ২০২৩ সালের মার্চে তার মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছিল।

বিজ্ঞাপন

পড়ুন : ন্যায়ের বাংলাদেশ গড়তে অনুসন্ধানী সাংবাদিকতা শক্তিশালী হাতিয়ার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন