জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজ ও মামলাবাজদেরকে ভোটের দিন পরাজিত করবে দেশের জনগণ। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) নওগাঁয় নির্বাচনি সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেয়ার সময় এমন অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মাস্টার্স পর্যন্ত নারীদের লেখাপড়া ফ্রি করা হবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
এ সমাবেশে জামায়াত আমির বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, সেই পরিবেশ বাংলাদেশে তৈরি করা হবে। ছাত্রীরা মাস্টার্স পর্যন্ত রাষ্ট্রের খরচে পড়ালেখা করবে।’
তিনি বলেন, ‘যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায়, তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে। ক্ষমতায় গেলে কাউকে লুণ্ঠন করতে দেয়া হবে না।’
এসময় দেশের টাকা বিদেশে পাচারকারীদের হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ‘পাচার হওয়া অর্থ পেটে হাত ঢুকিয়ে বের করে আনবো।’
পুরো উত্তরবঙ্গকে কৃষির রাজধানী করে গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘উত্তরবঙ্গে একাধিক কৃষিপণ্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে। অবহেলা ও দুর্নীতির কারণে পর্যটন খাতে কোনো উন্নয়ন হয়নি। আমরা নওগাঁর পর্যটন নিয়েও কাজ করতে চাই।’
পড়ুন: ইউনিফর্মে থাকা অবস্থায় কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না: বিমানবাহিনী প্রধান
আর/


