এশিয়ার দেশ চীনে মহড়ার সময় নৌবাহিনীর একটি জে-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইউরেশিয়ান টাইমস ও ডিফেন্স মিরর।
স্থানীয় সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গতকাল শনিবার (১৫ মার্চ) প্রশিক্ষণকালে পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর যুদ্ধবিমানটি হাইনান প্রদেশের লিনগাও কাউন্টির জিয়ালাই এলাকার কাছে বিধ্বস্ত হয়। দুপুর দেড়টার দিকে এটি খোলা স্থানে দুর্ঘটনার শিকার হয়।

চীনা সামরিক বাহিনী সাউদার্ন থিয়েটার কমান্ড নেভির তথ্য অনুযায়ী, পাইলট ইজেক্ট করার পর নিরাপদে অবতরণ করেছেন।
নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলের হাইনানে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কারণ তদন্ত করা হবে।
সাউথ চায়না মর্নিং পোস্ট আরও জানায়, জে-১৫ মাল্টিরোল যুদ্ধবিমানটি চীনা নৌবাহিনীর জন্য তৈরি একটি অত্যাধুনিক যুদ্ধবিমান, যা যেকোনো পরিবেশে উড়তে সক্ষম এবং বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যুদ্ধবিমানটির খাড়াভাবে মাটিতে নামা এবং বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।
উল্লেখ্য, দক্ষিণাঞ্চলীয় কমান্ড চীন সাগরের সংবেদনশীল এলাকাগুলোর তত্ত্বাবধান করে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং ফিলিপাইনের জাহাজগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এনএ/


