১৮/০২/২০২৬, ১৪:৩৭ অপরাহ্ণ
29 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৪:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দর্শনায় বিলবোর্ডকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালবেলা শুরু হওয়া বিরোধের জেরে দুপুরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে দু’জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে জামায়াতে ইসলামী সমর্থক খাজা তার চায়ের দোকানের পাশে পুকুরপাড়ে পড়ে থাকা বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর একটি বিলবোর্ড দেখতে পান। পরে আশপাশের কয়েকজনের সহায়তায় তিনি সেটি তুলে নিয়ে আবু বক্কর নামের এক ব্যবসায়ীর দোকানের পাশে মাটিতে স্থাপন করেন।

বিলবোর্ড সরিয়ে নেওয়ার বিষয়টি জানতে পেরে সকাল ৮টার দিকে বিএনপি সমর্থক আজিজুল ইসলামসহ কয়েকজন খাজার দোকানে এসে তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। কথাকাটাকাটির একপর্যায়ে তারা খাজাকে কিল, ঘুষি মারেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় দ্রুত উত্তেজনা ছড়ায় এবং দুই পক্ষই একে অপরের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, বিএনপির ওয়ার্ড সভাপতি আজিজুল ইসলাম নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে কয়েকজন কর্মী কামারপাড়া বাজার মোড়ে আবু বক্করের দোকানের সামনে অবস্থান নেন। এসময় মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. শহিদুল ইসলামের সমর্থকরাও সেখানে উপস্থিত ছিলেন।

বিলবোর্ড ইস্যুকে কেন্দ্র করে শুরু হয় উভয় পক্ষের তুমুল বাকবিতণ্ডা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে জামায়াত সমর্থক খাজা মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং বিএনপি সমর্থক আজিজুল ইসলামের থুতনিতে আঘাত লাগে।

স্থানীয়রা জানান, আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের সূত্রপাত ও দায়ভার নিয়ে উভয় পক্ষই পরস্পরকে অভিযুক্ত করছে।

এ বিষয়ে দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বলেন, বিলবোর্ডকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দুইজন আহত হওয়ার কথা শুনেছি। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- পদোন্নতিসহ ৩ দফার দাবিতে নেত্রকোনা সরকারি কলেজের প্রভাষকদের কর্মবিরতি

দেখুন- হাসিনা-কামালকে ফেরাতে আবারও ইন্টারপোলে আবেদন করা হবে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন