শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির মতোই জামায়াতে ইসলামী এখন জনপ্রিয় দল বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, “শেখ মুজিবুর রহমান ভাষণে ভালো হলেও শাসনে ভালো ছিলেন না। তাদের লোকজন শুধু লুটপাট করেছে।”
তিনি আরও বলেন, দেশের জনগণ গত ৫৪ বছরে বহু সরকার দেখেছে, কিন্তু দুর্নীতির কবল থেকে মুক্তি পায়নি।
বর্তমান বিএনপি নেতৃত্বের প্রতি সন্দেহ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, আজকের বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি নেই—সেখানে সন্দেহ আছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ধারণা দিয়েছিলেন, কিন্তু তার অনুসারীরাই এখন যেন তা চাইছেন না। মানুষ পরিবর্তন চায়, সেটি তারা বুঝতে চান না।
তিনি দাবি করেন, “জিয়াউর রহমানের আমলের মতোই জনপ্রিয় দল এখন জামায়াতে ইসলামী। জনগণ চাঁদাবাজদের ভোট দিতে চায় না। এখনকার নয়, জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয় দল আমরা।”
সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জুলাই অভ্যুত্থান ও সাংবিধানিক সংস্কার নিয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, “জুলাই আন্দোলনে কোনো রাজনৈতিক দলের ভূমিকা ছিল না, ছিল সাধারণ মানুষ। জুলাই সনদের ভিত্তিতেই গণভোট হতে হবে, এবং এরপর মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা উচিত।”
ডা. তাহের গণভোটের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “গণভোট আগে হলে ৮০ শতাংশ ভোট বলবে জনগণ সংস্কার চায়। জনগণ যা চায় না, তা চাপিয়ে দিলে হতাশা তৈরি হবে। তাই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়াই উচিত।”
পড়ুন: জাহানারা আলম চাইলে আইনি ব্যবস্থা নিবে সরকার: আসিফ মাহমুদ
আর/


