ঈদ উপলক্ষে নতুন চলচ্চিত্র মুক্তি পাওয়া যেন এক আনন্দময় রীতি। এবারের কোরবানির ঈদেও তার ব্যতিক্রম হয়নি—মুক্তি পেয়েছে ছয়টি নতুন সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’।
যদিও মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি ভালো দর্শক টানতে পারছে, সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে দর্শকের উপস্থিতি তুলনামূলকভাবে কম। কিছু হলে দর্শক শূন্যতার কারণে বিপাকে পড়তে হচ্ছে।
এদিকে প্রযোজক ইকবাল, যিনি পূর্বেও শাকিব খানকে নিয়ে সমালোচনা করেছেন, এবারও ‘তাণ্ডব’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, এটি সিনেমার চেয়ে নাটকের মতো হয়েছে—একটি টেলিভিশন কিংবা ওটিটি ঘরানার কাজ। তিনি সাবিলা নূরের অভিনয় নিয়েও প্রশ্ন তুলেছেন, বলছেন টিভিতে যাকে বিনা মূল্যে দেখা যায়, তার জন্য দর্শক কেন টিকিট কেটে সিনেমা হলে যাবে?
তিনি মনে করেন, যারা সিনেমার জন্য নিজেকে নিবেদন করবেন, তাদের টিভি বিজ্ঞাপন বা নাটকে অংশ না নেওয়াই ভালো। অভিনেতা আলমগীরের উদাহরণ দিয়ে বলেন, তিনিও এখনও তার হিরোইক ইমেজ ধরে রেখেছেন।
তবে এতসব সমালোচনার মাঝেও ইকবাল স্বীকার করেছেন যে ‘তাণ্ডব’ কম বাজেটের কারণে ভালো ব্যবসা করছে—লাভ হতে পারে প্রায় চার কোটি টাকা।
রায়হান রাফী পরিচালিত এ চলচ্চিত্রে শাকিব ও সাবিলার পাশাপাশি আরও আছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু এবং কাজী রাকায়েত।
এনএ/


