সারাদেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে ডিবি আটক করা এবং এনইআইআর-এর নামে মোবাইল মার্কেট সংকুচিত করার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটি জানায়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারাদেশে কঠোর আন্দোলনে নামবেন। এ সময় দেশ অচল করে দেওয়ার হুমকিও দেন তারা।
গতকাল রাতে সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে। পিয়াসের পরিবারের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তার স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, গত রাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় ডিবি সদস্যরা পিয়াসের মোবাইল ফোনটিও জব্দ করে বলে জানান তিনি।
এমবিসিবির দাবি, তাদের অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পিয়াসকে দ্রুত মুক্তি দিতে হবে, নইলে তারা আরও কঠোর অবস্থান নেবে।
পড়ুন: যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার
আর/


