দেশের সাত জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দিনের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি চার বিভাগে রয়েছে বৃষ্টির আভাস।
আজ শনিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস এসব তথ্য নিশ্চিত করে।
পূর্বাভাসে বলা হয়, শনিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের বাকি বিভাগগুলোতে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে এই সময়ে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় যা ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
এনএ/


