ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নেই জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৪ অক্টোবর) সকালে আল-ফালাহ মিলনায়তনে ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। আল্লাহভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, তা হাজার মানুষ মিলেও করতে পারে না। স্বাধীনতার এত বছর পরেও আমরা একটি মানবিক সমাজ গঠন করতে পারিনি। এ ক্ষেত্রে জাতিকে ওলামায়েদের পথ দেখাতে হবে। নিজের জ্ঞানকে কোরআন-হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে।
জাতি সংকটে আছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, উলামায়ে কেরাম কোরআন-সুন্নাহর আলোকে পথ দেখালে জাতির সংকট কেটে উঠবে। আলেমদের উদ্দেশে তিনি বলেন, পরস্পরের বিরুদ্ধে কোনো প্রকার বাহাসে (তর্কে) লিপ্ত হওয়া যাবে না। পরস্পরের বক্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আলেমরা শুধু নামাজের ইমামতি করবেন না, তারা সমাজেরও ইমাম হবেন। এতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
পড়ুন : জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না : ডা. শফিকুর রহমান

