জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর সংসদ ভবন এলাকায় আন্দোলনরত জুলাইযোদ্ধাদের লাঠিচার্জ করার ঘটনা ঘটেছে। এ সময় জুলাইযোদ্ধারাও ইট-পাটকেল নিক্ষেপ করেছেন। এই সংঘর্ষের মধ্যে আহত এক জুলাইযোদ্ধার কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত জুলাইযোদ্ধাদের ওপর পুলিশের লাঠিচার্জের সময় একজন জুলাইযোদ্ধার শরীরে লাগানো একটি কৃত্রিম হাত খুলে পড়ে যায় রাস্তায়। লাঠিচার্জের সামনে টিকতে না পেরে হাত রেখেই চলে যান তিনি।
এদিকে, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াসহ ৩ দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছেন জুলাইযোদ্ধারা। দাবি না মানলে এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।
এ সময় বিক্ষিপ্ত জুলাইযোদ্ধারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন, এমনকি বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত রোড-ব্লকারগুলো একত্রিত করে আগুন ধরিয়ে দেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

