পলাতক ফ্যাসিবাদগোষ্ঠী যদি বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করে, তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি বলেছেন, ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে গণমানুষের প্রতিরোধে। গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে তাদের উৎখাত হয়েছে। এ পলাতক ফ্যাসিবাদগোষ্ঠী আবারও যদি বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করে, তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে।
শনিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ কয়েকটি ফেসবুক পেজে লক্ষ্য করা যাচ্ছে আগামী ১৩ নভেম্বর ফ্যাসিবাদের পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকি দেওয়া হচ্ছে—এ কথার পরিপ্রেক্ষিতে আইজিপি এ কথা বলেন।
পলাতক ফ্যাসিবাদগোষ্ঠীর কার্যক্রমের দিকে পুলিশ নজর রাখছে জানিয়ে তিনি বলেন, ‘পালিয়ে যাওয়া ফ্যাসিবাদগোষ্ঠী যদি দেশে আবার বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করে তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে। গণ-অভ্যুত্থানের মুখে এ ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে। দেশের জন্য, জনগণের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে এবং করে চলেছে। যেসব ফেসবুক পেজ থেকে পলাতক ফ্যাসিবাদগোষ্ঠী বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, সেই পেজগুলোকে নিয়ে গোয়েন্দারা কাজ করছে।’
আইজিপি বলেন, ‘আমাদের আইন মান্যতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ৯০ শতাংশ মানুষকে আইন-কানুন মানতে হবে, নিয়মমাফিক চলতে হবে। বাকি ১০ শতাংশ না হয় আইন মানবে না। তাদের মোকাবেলায় নিয়ম অনুযায়ী পুলিশ কাজ করবে। কিন্তু আগে তো ৯০ শতাংশ মানুষকে আইন মানতে হবে।’
পড়ুন : অস্ত্র উদ্ধারে ৫ লাখ, গুলি জমা দিলে ৫০০ টাকা পুরস্কার ঘোষণা

