পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ আজ রোববার তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। তিনি শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পাকিস্তান নৌবাহিনীর প্রধান রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে উভয়ে কুশলাদি বিনিময় করেন। তাঁদের মধ্যে দুই দেশের মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দুজনেই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধিদল, পাকিস্তান হাইকমিশনার, ডিফেন্স অ্যাটাশে, নৌবাহিনী সদর দপ্তরের পিএসও এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ ঢাকার নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। এ সময় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

