মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের সেবায় চীনের বিশেষজ্ঞ দল রাতেই ঢাকা আসছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন।
মৃত্যুর সংখ্যা বেড়েছে জানিয়ে তিনি বলেন, সিরিয়াস ও ইন্টারমিডিয়েট লেভেলের রোগীদের মধ্যে উন্নতি রয়েছে। তবে ক্রিটিক্যাল অবস্থায় থাকা আটজনের মধ্যে দুইজন আজ মারা গেছেন। ছয়জনের অবস্থা এখনও ক্রিটিক্যাল।
তিনি বলেন, সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞ দল মাইলস্টোনের দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় যোগ দিয়েছেন। আজ রাতে চীনের বিশেষজ্ঞ দলও ঢাকায় পৌঁছাবে।
এ সময় রোগীদের জন্য কোনো ব্যক্তিগত সহায়তার প্রয়োজন নেই জানিয়ে তিনি আরও বলেন, ব্লাড, স্ক্রিন ডোনেশন, টাকা-পয়সা কোনো কিছুরই এখন প্রয়োজন নেই।
তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটে মোট ১৩ জন মারা গেছেন। চিকিৎসাধীন ৪২ জন। এরমধ্যে সিরিয়াস ১৩ জন।
পরিচালক নাসির উদ্দিন আরও বলেন, গত ৪৮ ঘণ্টায় ১৩ জনকে কেবিনে আনা হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যে বাসায় পাঠাতে পারব বলে আশা করছি।
সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের তথ্যমতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে ৩০ জন মারা গেছেন।
পড়ুন : চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে শিক্ষার্থী মাহিয়া


