বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেছে সপ্তাহের ব্যবধানে। মার্কিন রাজস্বনীতিতে অনিশ্চয়তা ও ডলারের মান পতনের কারণে বিনিয়োগকারীরা সোনার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন।
আজ বুধবার (২১ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৩০৫ দশমিক ৩৯ ডলার হয়েছে, যা ১২ মের পর সর্বোচ্চ দর। ডলারের মূল্য ৭ মে থেকে ক্রমাগত কমছে, ফলে বিদেশি মুদ্রাধারীদের জন্য সোনার দাম তুলনামূলকভাবে কম মনে হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, গত ২৪ ঘণ্টায় সাধারণ ডলার সূচক ১ পয়েন্টের বেশি নেমে গেছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের কর বিল নিয়ে আলোচনা ডলারের মানে আরও প্রভাব ফেলেছে, যা বিনিয়োগকারীদের সোনার দিকে আকৃষ্ট করেছে।
এরই মধ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে। ১৭ মে-র সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা, এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা করা হয়েছে।
এনএ/


