ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলা নিয়ে বাকবিতণ্ডায় সারোয়ার হোসেন (১৫) নামে এক কিশোরের দুই আঙুল কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমোড়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। আহত সারোয়ার ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় কয়েকজন কিশোর-তরুণ বোতল দিয়ে খেলা করছিল। এসময় খেলা নিয়ে সারোয়ারের সাথে একই এলাকার শ্রাবণ নামে এক তরুণের বাকবিতণ্ডা হয়। এরই মাঝে একপর্যায়ে শ্রাবণ উত্তেজিত হয়ে পড়ে। হঠাৎ সে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সারোয়ারের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে সারোয়ারের বাম হাতের দুটি আঙুল শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, বিচ্ছিন্ন দুই আঙুল নিয়ে ছেলেটিকে নিয়ে পরিবারের সদস্যরা এসেছিল। তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। দোষী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০


