বাংলাদেশি নির্মাতা, লেখক ও সংগঠক জাফর ফিরোজ মালয়েশিয়ার মর্যাদাপূর্ণ ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন। তার উপন্যাস ‘দ্য ফোরকড রোড’ এর জন্য তিনি এই গৌরবজনক স্বীকৃতি লাভ করেন।
বুধবার (৩ ডিসেম্বর) সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেতিয়া সিটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে জাফর ফিরোজের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
জুরি প্যানেলের চেয়ারম্যান প্রফেসর এমিরেটাস তান সেরি দাতুক সেরি ড. ইব্রাহিম শাহ আবু শাহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের স্বাক্ষরিত সার্টিফিকেট ও ট্রফি তার কাছে হস্তান্তর করেন।
সমসাময়িক বিভাগে পুরস্কারপ্রাপ্ত এ উপন্যাসে বাংলাদেশ ও মালয়েশিয়ার সামাজিক-রাজনৈতিক বাস্তবতা অত্যন্ত স্পষ্ট ও নির্মোহভাবে ফুটে উঠেছে।
উপন্যাসে আবরার ফাহাদের হত্যাকাণ্ড, ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলন, রাজনৈতিক হত্যা-গুম এবং বৈষম্যবিরোধী আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনা স্থান পেয়েছে। বিশেষত, জুলাই গণ-অভ্যুত্থানের ফলে যখন বাংলাদেশ অনিরাপদ হয়ে ওঠে তখন মালয়েশিয়ার সরকার কর্তৃক মালয়েশিয়ান ঝুঁকিপূর্ণ নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার ঘটনাও নিখুঁতভাবে উঠে আসে। মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের সমস্যাও উপন্যাসে গুরুত্ব পেয়েছে।
উপন্যাসটির সময়রেখা শুরু হয় ১৬ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশের বিজয় দিবসে এবং শেষ হয় ৫ আগস্ট ২০২৪। বাস্তব ঘটনার ছোঁয়া ও কল্পনার সৃজনশীল মিশ্রণ বইটিকে পাঠক ও সমালোচকদের কাছে বিশেষ মর্যাদা এনে দিয়েছে।
উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র হলো রাইয়ান মালয়েশিয়ায় পড়তে আসা এক বিদেশি শিক্ষার্থী। একটি ফোনকল তার জীবনকে ওলট-পালট করে দেয়। বাবার খুনের সংবাদ, মায়ের অসুস্থতা, আর্থিক সংকট এবং অনিশ্চিত ভবিষ্যতের মাঝে চুরি হয়ে যায় তার বহুদিনের স্বপ্নের প্রকল্প।
রাইয়ান আটকে যায় জীবনের চৌরাস্তায় সে কি দেশে ফিরে যাবে, লড়াই করবে, নাকি পড়াশোনা শেষ করবে? মানুষের সিদ্ধান্ত কতটা গভীর প্রভাব ফেলে এই উপন্যাস সেই প্রশ্নই নতুনভাবে পাঠকের সামনে তুলে ধরে। বইটি বর্তমানে আমাজনেও পাওয়া যাচ্ছে।
পড়ুন : ডিসেম্বরে আসছে সাংবাদিক দম্পত্তির নিজ বাসায় খুন নিয়ে রায়হান রাফীর ‘অমীমাংসিত’


