২১/০১/২০২৬, ২০:০০ অপরাহ্ণ
22 C
Dhaka
২১/০১/২০২৬, ২০:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে চার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার(০৯ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মশারি ভাজা বিলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—রাজনগর গ্রামের মল্লিকপাড়ার সামাদের মেয়ে ফাতেমা খাতুন (১৪), ইসার মেয়ে মিম (১৪), সামাদের আরেক মেয়ে আফিয়া (১০) এবং সাহারুল ইসলামের মেয়ে আলেয়া খাতুন (১০)। এর মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী, আর আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে চার শিশু বান্ধবী একসঙ্গে গ্রামের পাশের মশারি ভাজা বিলে শাপলা তুলতে যায়। একপর্যায়ে তারা সবাই গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা বিলের ধারে তাদের জুতা দেখতে পেয়ে সন্দেহ করেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে চার শিশুর মরদেহ উদ্ধার করে।

আলেয়ার বাবা সাহারুল ইসলাম জানান, স্কুল থেকে এসে আলেয়া পাড়া-প্রতিবেশী বান্ধবীদের সঙ্গে ফুল তুলতে যায়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে তারা এসে আলেয়াসহ অন্য তিনজনের মরদেহ উদ্ধার করে।

একই ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক রবিউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দৌড়ে গিয়ে দেখি কেউ পানির ওপরে নেই। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করি, কিন্তু পাইনি। শেষে ফায়ার সার্ভিস এসে লাশগুলো তোলে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুণ। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে গ্রামীণ জলাশয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সেলিম রেজা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে যায়। কিছুক্ষণ তল্লাশির পর চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সম্ভবত তারা সাঁতার না জানায় গভীর পানিতে ডুবে যায়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রামজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের মাতম।

পড়ুন- রাজবাড়ীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

দেখুন- শীতের প্রভাব নেই সবজি বাজারে, লাগামছাড়া পেঁয়াজের বাজার | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন