রাজধানীর মগবাজারের দিলুরোডে একটি ৮ তলা ভবন এবং কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে দুই জায়গায় আলাদাভাবে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।
মগবাজারের আগুন নিয়ে তিনি জানান, রাত ৯টা ১৮ মিনিটে মগবাজারের দিলুরোড এলাকায় একটি আটতলা আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। পরে রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তেজগাঁওয়ের আগুন নিয়ে তিনি জানান, রাত ৮টা ৫০ মিনিটে তেজগাঁওয়ের কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুনের সংবাদ আসে। পরে রাত ৯টায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট কাজ করে ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
পড়ুন : মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ

