লক্ষ্মীপুর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) রাতে শহরের ঝুমুর ও মোটকা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৬ জন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, যুবদল নেতা জাহাঙ্গীর ও তারেক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। রাতে প্রথমে কথা কাটাকাটি, পরে তা সংঘর্ষে রূপ নেয়।
আহতরা অভিযোগ করেন, তারেকের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুস সালাম বলেন, আহত ১৬ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা যুবদল সভাপতি আব্দুল আলিম হুমায়ুন জানান, ওয়ার্ড যুবদলের দুই সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

