রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের সময় বৃদ্ধি ও সংশোধনসহ ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৭ হাজার ১৫০ কোটি ৯০ লাখ টাকা।
সোমবার (১০ নভেম্বর) ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদিত সব প্রকল্পের অর্থই সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে। বৈঠকে নতুন ৯টি, সংশোধিত ২টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। তবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মানিকগঞ্জ ও সাতক্ষীরার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওর এলাকায় ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনা উন্নয়ন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন।
এছাড়া সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির আওতায় মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট ও নার্সিং অধিদপ্তরের সমন্বিত উন্নয়ন, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কর্মসূচির অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
আরও রয়েছে ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় অফিসারদের জন্য ‘বি’ টাইপ বাসস্থান নির্মাণ, নড়াইল-কালিয়া মহাসড়কের ২১তম কিলোমিটারে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ, বিসিক শিল্প পার্ক (টাঙ্গাইল), মানিকগঞ্জ ও সাতক্ষীরার অবকাঠামো উন্নয়ন, এবং কিশোরগঞ্জ-নেত্রকোনা হাওর এলাকার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প।
পড়ুন: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর, আছে উচ্ছ্বাস আছে দীর্ঘশ্বাস
আর/


