গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৬৯ জনে দাঁড়িয়েছে। আরও ৯৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনেই ৪ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২২৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৭১ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১১, রাজশাহী বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৬৯ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৩০ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৪০ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।
পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩

