বাংলাদেশে অবৈধভাবে নাগরিক পুশইন করার ঘটনায় উদ্বেগ জানিয়ে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ৭৬-এর নিকট শূন্য রেখায় বাংলাদেশ অংশে এই অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এবং বিএসএফ ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার উপস্থিত ছিলেন।
বিকেল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বৈঠকের শুরুতে উভয় কমান্ডার একে অপরকে শুভেচ্ছা জানান এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় বিজিবি অধিনায়ক সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে ভারতে অভিবাসী বাংলাদেশিদের অবৈধভাবে দেশে ফেরত পাঠানোর (পুশইন) ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, “সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইন করা একদিকে যেমন আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন, তেমনি মানবাধিকারেরও পরিপন্থী।” এ ধরনের ঘটনা বন্ধে বিএসএফ লোকাল কমান্ডারদের উপযুক্ত নির্দেশনা দেওয়ার জন্য বিএসএফ কমান্ড্যান্টকে অনুরোধ জানান তিনি।
বিজিবি অধিনায়ক আরও বলেন, কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রয়োজন হলে, তাদের তালিকা বিজিবির কাছে হস্তান্তরের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে দ্রুত প্রত্যাবাসন সম্ভব। তার এ প্রস্তাবের সঙ্গে বিএসএফ কমান্ড্যান্ট একমত পোষণ করেন এবং ভবিষ্যতে সীমান্ত দিয়ে এ ধরনের অবৈধ পুশইন না ঘটাতে নির্দেশনা দেওয়ার আশ্বাস দেন।
পতাকা বৈঠকে আরও আলোচনা হয় সীমান্ত হত্যারোধ, চোরাচালান প্রতিরোধ, সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে তথ্য আদান-প্রদানের বিষয়ে। পাশাপাশি, দায়িত্ব পালনের সময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে দুই পক্ষ একমত পোষণ করেন।
বৈঠক শেষে দুই কমান্ডার সীমান্ত পিলার ৭৬ পরিদর্শন করেন। বৈঠকটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
পড়ুন: চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের মৃত্যু : সহকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা, তদন্তে সিআইডি
দেখুন: টানা ১৪ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এস


