শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (১০ নভেম্বর) হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন। তবে অপর আসামি সাংবাদিক মনজুরুল আলম পান্নার জামিন শুনানি একসপ্তাহ মুলতবি রাখা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসনের হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনে তাদের জামিন দেন। একই দিন জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
রোববার আপিল বিভাগের চেম্বার আদালত এ আবেদনের ওপর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, সারা হোসেন ও রমজান আলী শিকদার।
পড়ুন: দুই দিনে ২৯ জেলায় ডিসি, ২১ জনই নতুন মুখ
আর/


