বিশ্ববাজারে সোনার দাম কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর শুল্কারোপের হুমকি প্রত্যাহার করায় বিনিয়োগকারীদের আগ্রহ কমে গেছে, ফলে মূল্যবান ধাতুটির চাহিদা হ্রাস পেয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার (২৬ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৮ শতাংশ কমে ৩,৩৩২.৪ ডলারে দাঁড়িয়েছে, আর ফিউচার মার্কেটে ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩,৩৩১.৯০ ডলারে বিক্রি হয়েছে। যদিও ডলারের মূল্য কমার কারণে বিদেশি ক্রেতারা সাময়িকভাবে সোনার প্রতি আগ্রহ দেখিয়েছিল, তবে এখন তা আবার কমছে। ২১ মে প্রতি আউন্সে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে হয়েছিল ৩,৩০৫.৩৯ ডলার, যা ১২ মে’র পর সর্বোচ্চ ছিল।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের শুল্কারোপ বিলম্বের সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারীদের মধ্যে সোনার নিরাপদ বিনিয়োগমূল্য কিছুটা দুর্বল হয়েছে।
অন্যদিকে, বিশ্ববাজারে সোনার দরপতন শুরু হলেও দেশের বাজারে এখনো তার প্রভাব পড়েনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত সপ্তাহে দুই দফায় সোনার দাম বাড়িয়েছে। ২১ মে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,৮২৩ টাকা বাড়িয়ে ১,৬৯,৯২১ টাকা নির্ধারণ করা হয়, যা পরদিন থেকে কার্যকর হয়।
বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম নিম্নরূপ:
- ২২ ক্যারেট: ১,৬৯,৯২১ টাকা
- ২১ ক্যারেট: ১,৬২,২০০ টাকা
- ১৮ ক্যারেট: ১,৩৯,০২৩ টাকা
- সনাতন পদ্ধতি: ১,১৪,৯৪৯ টাকা
বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ববাজারে দরপতনের ফলে স্থানীয় বাজারেও এর প্রভাব দেখা যেতে পারে। তবে, স্বর্ণ বিনিয়োগকারীদের জন্য এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় নয় বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন।
এনএ/


