“মিডিয়াকর্মী ঐক্য গড়ো, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরো” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি নাসারুল্লাহ আল কাশেম এবং দৈনিক নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহ’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিরোজপুরের কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মুক্ত গণমাধ্যম ও সংবাদ স্বাধীনতার পথে বড় বাধা। যারা এ হামলার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
পড়ুন- বোয়ালমারীতে দ্বিতীয় দফায় ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বাড়িতে হামলা ও ভাংচুর
দেখুন- বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের ক্ষোভে উত্তপ্ত চট্টগ্রাম |


