ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল থেকেই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে বিভিন্ন ভোটকেন্দ্রে সকালের তুলনায় দুপুরের দিকে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। কিছু কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনও দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন কেন্দ্র থেকে প্রতিনিধিদের পাঠানো খবরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নির্বাচনের দিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে। তবে সকালের তুলনায় দুপুরের দিকে ভোটার উপস্থিতি এখন বেশি।
পিসিকালচার হাউজিং পাবলিক হাউজিং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রাজিবুল ইসলাম বলেন, ৫৪ নম্বর মহিলা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২০৯ জন। দুপুর ১২টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৪২৮টি, যা মোট ভোটের প্রায় ১৩ দশমিক ৩৪ শতাংশ।
অন্যদিকে ৫৩ নম্বর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৭০ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৫৫০টি, যা প্রায় ২২ শতাংশ। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. রোকনুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে সকাল থেকে ভোটারদের আনাগোনা থাকলেও আগের নির্বাচনগুলোর মতো আমেজ বা ভিড় লক্ষ করা যায়নি। তবে দুপুর পর থেকে ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে।
চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান সকালে চান্দগাঁও আবাসিক বি ব্লক সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক অভিযাত্রায় আজ এক নতুন অধ্যায় শুরু হলো।
নোয়াখালীতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়
নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকল পেরিয়ে দুপুর গড়ালে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে ভোট দেওয়ার জন্য কেন্দ্রের মাঠে আছেন বহুসংখ্যক নারী। কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে বিপুলসংখ্যক নারী ভোটারকে দেখা যায়। একই চিত্র দেখা গেছে সুবর্ণচর উপজেলার আব্দুল্লাহ মিয়ারহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬১টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ সব ভোটকেন্দ্রের সবকটিই সিসি ক্যামেরার আওতায় রয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে, বাড়ছে ভোটার উপস্থিতি
ব্রাহ্মণবাড়িয়ায় বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়ে চলেছে। এ পর্যন্ত কোথাও কোন আপত্তিকর ঘটনা ঘটেনি। ঢাকা থেকে ট্রেনগুলোতে মানুষের ভিড়ে উপচে পড়ে যার এলাকায় ভোট দিতে এসেছে। অনেক দিন পর এই উৎসবমুখর পরিবেশে আমি নিজেও ভোট দিতে এসে ভোট দিতে পেরে, আমার ভালো লাগছে এবং আনন্দ বোধ করছি।
পড়ুন: শেরপুরে ১ আসনে ধানের শীষের সিল শতাধিক ব্যালট উদ্ধার, আটক দুই
আর/


