ভারত খুব বড় লক্ষ্য দাঁড় করায়নি। অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ১৬৮ রান। মিচেল মার্শের দৃষ্টিতে এটা তাড়া করার মতো। কিন্তু অস্ট্রেলিয়া পারল না। কাছাকাছি যাবে দূরের কথা, অলআউট হয়ে গেছে মাত্র ১১৯ রানে।
ভারত চতুর্থ টি-টোয়েন্টিটি জিতেছে ৪৮ রানে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার এটা দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির। এই ফরম্যাটে ২০২২ সালে নিউজিল্যান্ডের কাছে অলআউট হয়েছিল সর্বনিম্ন ১১১ রানে। জিতে ভারত ৫ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২-১ ব্যবধানে। ৮ নভেম্বর গাব্বায় পরের ম্যাচে অস্ট্রেলিয়া না জিততে পারলেই তাদের সিরিজ নিশ্চিত হবে।
অভিষেক শর্মার ক্যারিয়ার স্ট্রাইকরেট ১৯০ ছুঁইছুঁই। এই সিরিজজুড়েও তা-ই দেখিয়ে আসছিলেন তিনি। কিন্তু আজ পারলেন না। ২১ বল খেলে আউট হয়েছেন ২৮ রান করে। শুধু অভিষেক নয়, বড় রান আসেনি কারো ব্যাট থেকেই। সর্বোচ্চ ৪৬ রান করা শুভমান গিল ব্যাট করেছেন ১১৮-এর কম স্ট্রাইকরেটে। শিভম দুবে প্রমোশন পেয়ে আজ নেমেছিলেন তিন নম্বরে। অভিষেকের পর আউট হয়ে যান তিনি।
অধিনায়ক সূর্যকুমার যাদবের ১০ বলে ২০ ও অক্ষর প্যাটেলের ২২ বলে ২১ রানের ক্যামিওতে ভারত পায় ৮ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ৩টি করে উইকেট নেন, প্রথমজন ২১ ও দ্বিতীয়জন ৪৫ রান খরচায়।
লক্ষ্য তাড়া করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংসের মাঝপথে ব্যাটিংয়ে ধস নামে। শেষের ২১ রান তুলতে তারা হারায় ৫ উইকেট। ২৪ বলে সর্বোচ্চ ৩০ রান করেন মার্শ। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ৩, প্যাটেল ও দুবে ২টি করে উইকেট পান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

