দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় আগামী ২৬ মে (সোমবার) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে লঘুচাপের অনুকূল পরিবেশ তৈরি হতে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং ১ জুন থেকে দেশে মৌসুমি বায়ু প্রবেশের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৬ মে বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে কয়েকদিন বৃষ্টিপাত কম হবে। তবে আগামী ৩০ মে-এর পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে। সেই সঙ্গে আগামী ১ জুন কক্সবাজার দিয়ে দেশে মৌসুমি বায়ু প্রবেশ করবে। যা আগামী ৭ জুনের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়বে। আর এর মধ্য দিয়েই বর্ষা মৌসুমে প্রবেশ করবে দেশ।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সংস্থাটি জানায়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং সাতক্ষীরা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। এছাড়া ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে বাতাসের গতি ৮-১২ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপে
দেখুন: সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে
এস


