বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শকদের উম্মাদনা যেনো বেড়েই চলেছে। কারিগরি সমস্যার কারণে দুই দিন বিরতির পর সোমবার (২৬ মে) রাত ১০টা থেকে অনলাইনে ক্লাব হাউজ-২ ও নর্থ-ওয়েস্ট গ্যালারির টিকিট বিক্রি শুরু হয়। আর রাত পোহাতেই আজ (২৭ মে) বাফুফে জানালো, বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট সোল্ড আউট। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ভ্রাম্যমান আদালত। কারো কাছে নকল টিকিট পেলে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।
গতকাল এক বিবৃতিতে বাফুফে জানিয়েছিল, সোমবার (২৬ মে) রাত ১০টায় শুরু হবে ক্লাব হাউজ-২ ও নর্থ-ওয়েস্ট গ্যালারির টিকিট বিক্রি। পূর্ব পাশের টিকিট পাওয়া যাবে খুব শিগগির। তবে মঙ্গলবার (২৭ মে) দুপুর নাগাদ টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সাধারণ দর্শকদের জন্য ম্যাচের কোনো টিকিট অবশিষ্ট নেই।
এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচের টিকিট বিক্রি হওয়ার কথা ছিল গত ২৪ মে দুপুর ১২টা থেকে। তবে টিকিট বিক্রি শুরুর ঘণ্টাখানেক আগে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ১২টার পরিবর্তে রাত ৮টায় শুরু হবে সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি।
এরপর সেদিন রাত ১১টার পর আরও একটি বিজ্ঞপ্তি দেয় বাফুফে। সেই বিজ্ঞপ্তিতে তারা জানায়, সাইবার আক্রমণের কারণে টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। দর্শকদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশও করেছে তারা। এবং কি শিগগিরই টিকিট বিক্রি শুরুর নতুন সময়ের কথাও জানায় বাফুফে।
অবশেষে সোমবার রাত ১০টার পর শুরু হয় টিকিট বিক্রি। তবে এবার আর কোনো ভোগান্তিতে পড়তে হয়নি দর্শকদের। নির্বিঘ্নে-ই টিকিট সংগ্রহ করতে পেরেছে দেশের ফুটবল ভক্তরা।
পড়ুন : বাফুফে আবার বাংলাদেশে-সিঙ্গাপুর ম্যাচের টিকেট বিক্রির সময় জানালো


