জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছে বিএনপি। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনেন।
রাত সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের কাছে।’
মাহদী আমিন জানান, বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। এর ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে।
উদাহরণ হিসেবে তিনি বলেন, শুধু ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৬–সহ বেশ কিছু আসনে ভোট গণনায় এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে। বিলম্ব করা হচ্ছে।
ধানের শীষের প্রার্থীরা বিভিন্ন আসনে ইতিমধ্যে বিপুল ভোটে এগিয়ে আছেন বলেও জানান তিনি। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।
পড়ুন:বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ভারত
দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী |
ইম/


