গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি দাবি করেন, সরকার প্রতিশ্রুতি দিলেও নুরকে বিদেশে পাঠানোর বিষয়ে গড়িমসি করছে এবং একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে যাতে তিনি উন্নত চিকিৎসা না পান।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাশেদ খাঁন জানান, আমি সকাল ১১টার দিকে নুরকে দেখতে আসি। তখন তিনি ঘুমাচ্ছিলেন। সাড়ে ১২টার দিকে ঘুম থেকে উঠে বসতে গেলে কাশির সঙ্গে রক্তক্ষরণ হয়। এর আগেও আমরা জানিয়েছিলাম তার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এখনো অবস্থার কোনো উন্নতি হয়নি।
তিনি আরও বলেন, ‘নুরুল হক নুর শর্ট টাইম মেমোরি লস করছেন। কথা বলতে গিয়ে সম্পূর্ণ করতে পারছেন না, অনেক সময় অগোছালোভাবে বলছেন। ওষুধ খাওয়ার দুই ঘণ্টার মধ্যেই ভুলে যাচ্ছেন যে তিনি ওষুধ খেয়েছেন কি না। কথার মাঝেই ঘুমিয়ে পড়ছেন। পরিবারের সদস্য ও নার্সরা জানিয়েছেন, তিনি শক্ত খাবার খেতে পারছেন না, দাঁড়াতেও পারছেন না, শরীরের ব্যালান্স ধরে রাখতে পারছেন না।’
নুরের শারীরিক জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘তার চোয়ালের হাড় ভাঙা, নাকের হাড় ভাঙা। সর্দি বেড়ে গেছে। অবস্থাটা অত্যন্ত নাজুক।’
পড়ুন: জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে তামাশা করা হয়েছে : রাশেদ খাঁন
এস/


