ভালো গন্ধ শুধু অন্যকে আকর্ষণ করে না, নিজের আত্মবিশ্বাসও বাড়ায়। তাই অনেকেই প্রতিদিন পারফিউম ব্যবহার করেন। কিন্তু বাজারে এত রকম ব্র্যান্ড আর সুবাসের ভিড়ে নিজের জন্য একদম পারফেক্ট পারফিউমটা বেছে নেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়।
একজন অভিজ্ঞ পারফিউমার ক্যাটেরিনা কাতালানি জানিয়েছেন, কীভাবে আপনি আপনার ব্যক্তিত্ব আর পছন্দ অনুযায়ী সঠিক পারফিউম বেছে নিতে পারেন। চলুন জেনে নিই তার কিছু সহজ ও কার্যকর পরামর্শ।
সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে?
ত্বকে ব্যবহার করে পরীক্ষা করুন
দোকানে গিয়ে পারফিউমের বোতলের মুখ থেকে শুঁকে অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এটা একদম ভুল পদ্ধতি।পারফিউম আসলে আপনার ত্বকের সঙ্গে মিশে কেমন ঘ্রাণ ছড়ায়, সেটা বোঝা জরুরি। কারণ একেকজনের ত্বকের সঙ্গে পারফিউমের রসায়ন ভিন্ন হতে পারে।
একটি নয়, কয়েকটি ঘ্রাণ ট্রাই করুন
ক্যাটেরিনা বলেন, একটা পারফিউমে আটকে না থেকে ভিন্ন ভিন্ন ঘ্রাণও ব্যবহার করা উচিত। কারণ একেক দিন একেক মুড, একেক পরিবেশ—একেক সুবাস আপনার আলাদা দিক ফুটিয়ে তুলতে পারে।
পারফিউম শুধু ঘ্রাণ নয়, এটা আপনার একটি ‘স্টেটমেন্ট’। আপনি যদি শান্ত স্বভাবের হন, তবে হালকা, ফুলেল সুবাস আপনার জন্য মানানসই। আবার যদি আপনি প্রাণবন্ত ও সাহসী হন, তবে একটু গাঢ় বা মসলাদার ঘ্রাণ মানাবে ভালো।
পারফিউম বেছে নেওয়া মানে শুধু ভালো ঘ্রাণ খোঁজা নয়, এটা নিজের একটা ছাপ রেখে যাওয়ার মতো বিষয়। তাই সময় নিয়ে, নিজের পছন্দ ও ব্যক্তিত্ব বুঝে তবেই সিদ্ধান্ত নিন। তাহলে পারফিউম শুধু শরীরে নয়, আপনার আত্মবিশ্বাসেও একটা সুন্দর সুবাস ছড়িয়ে দেবে।


