চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৭ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন।
ডিএমপি প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) নাসির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ২২ অক্টোবর আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডন মামলার এজাহারনামীয় পলাতক আসামি। তার যেকোনো সময় বিদেশ গমন করবে মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা বিদেশ গমন করলে বাদি মামলার সুবিচার থেকে বঞ্চিত হবে এবং তদন্তে ব্যঘাত ঘটবে। এমতাবস্থায় মামলা প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমন রহিত থাকা প্রয়োজন, বিধায় আসামিদের বিদেশ গমন রহিতকল্পে ‘স্টপ লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় বাবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতের অনুমতি বিশেষ প্রয়োজন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
তবে গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদিপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

