অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
আজ শুক্রবার (৩০ মে) দুপুরে র্যাব-১৩ এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাঃ জয়নুল আবেদীন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযানে পরিচালনা করে রংপুর মহানগরীর কোতয়ালী খানা এলাকায় হোটেল এম রহমান, হোটেল জামাল এবং হোটেল সানমুন থেকে অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে দেশে পশুরহাটে গরু ব্যবসায়ীদের চেতনানাশক ঘুমের ঔষধ এবং চেতনানাশক ঔষধ দিয়ে হালুয়া তৈরি করে গরু ব্যবসায়ীদের খাইয়ে তাদের অজ্ঞান করে বিপুল পরিমান টাকা লুঠপাটসহ বিভিন্ন ধরনের অপকর্মের পরিকল্পনায় লিপ্ত ছিল তারা। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৫ পাতা (৪৫০ পিস) চেতনানাশক ঔষধ, ১০ কৌটা চেতনানাশক হালুয়া এবং ০১ টি পলিথিন ব্যাগে ১৭ পিস হালুয়া উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন ফরিদপুর জেলার মৃত দলিল উদ্দিন খান এর পুত্র মোঃ ইমরান খান (৩৫), রাজবাড়ী জেলার আব্দুল জলিল শেখের পুত্র আবদুল সাদেক শেখ, টাঙ্গাইলের মৃত মোসলেম উদ্দিনের পুত্র আব্দুল লতিফ, সিরাজগঞ্জের মৃত হাফেজ লোকমান হোসেনের পুত্র খসরু আহমেদ(৪৬), গাইবান্ধার মৃত নান্নুর পুত্র জয়নাল আবেদীন (৪৫), মুন্সীগঞ্জের মৃত মোসলেম আলীর পুত্র মহিবুল(৪৫), মানিকগঞ্জের মৃত বাহাদুর শেখের পুত্র আব্দুস সালাম (৪০), মুন্সীগঞ্জের মৃত উজির আলীর পুত্র তান শরীফ বেপারী (৬২), মুন্সিগঞ্জ শ্রীনগর থানার নুরুল ইসলামের পুত্র রিপন (৫৫), জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মৃত কলিম উদ্দিনের পুত্র আজাহার উদ্দিন (৬২) এবং কুষ্টিয়া সদর থানার মৃত আহমদ আলীর রেজাউল ইসলাম (৫৫)।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় হস্তান্তর করা হয়েছে।
এনএ/


