বিজ্ঞাপন

অতিরিক্ত ভাড়া আদায় ও সড়ক আইন লঙ্ঘনে আটপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নেত্রকোনার আটপাড়া উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। জনদুর্ভোগ লাঘব ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বুধবার (২৫ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা শারমিন দৃষ্টি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি দল তাকে সহযোগিতা করেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার সেতুর বাজার এলাকায় অবস্থিত ‌‘নূরে মদীনা’ বাস কাউন্টারে ঈদ বা ছুটির সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ মনিটরিং অভিযান চালানো হয়। অভিযানকালে ম্যাজিস্ট্রেট যাত্রীদের সাথে কথা বলে ভাড়ার বিষয়ে খোঁজ নেন এবং কাউন্টারের দায়িত্বপ্রাপ্তদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সংশ্লিষ্ট কাউন্টারকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং দৃশ্যমান স্থানে সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো ও তা যথাযথভাবে অনুসরণ করার কড়া নির্দেশনা প্রদান করা হয়।

কাউন্টার পরিদর্শনের পর অভিযানকারী দল নেত্রকোনা-আটপাড়া সড়কের গোয়াতলা এলাকায় অবস্থান নেয়। সেখানে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বৈধ কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট পরিধানের বিষয়গুলো যাচাই-বাছাই করা হয়।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পাঁচটি মামলা দায়ের করা হয়। হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় পাঁচজন মোটরসাইকেল চালককে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি জানান, “সাধারণ যাত্রীদের ভোগান্তি রোধ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এই উদ্যোগ। কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের হয়রানি করতে না পারে, সেদিকে আমাদের কড়া নজরদারি রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন