১২/০২/২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব শেষে কী করবেন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেড় বছর পর আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে কার্যত এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচনের পর নতুন সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল।

তবে বিদায়ের সুর বেজে গেছে গত মঙ্গলবার থেকেই। জাতীয় নির্বাচনের আগে ওই দিন ছিল শেষ কর্মদিবস। এ উপলক্ষে অনেক উপদেষ্টা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক বিদায়ী অনুষ্ঠান করেছেন, যদিও তাঁরা এখনো দায়িত্বে আছেন। নির্বাচনের আগের দিন আজ বুধবার ছিল সরকারি ছুটি। তাই কেউ বাসায় সময় কাটিয়েছেন, কেউ অংশ নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে, আবার কেউ অফিসেও গেছেন।

বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে আছেন চারজন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চারজন বিশেষ সহকারীও রয়েছেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দায়িত্ব শেষে আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে তিনি সেখানে কর্মরত ছিলেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। তিনি জানান, কিছুদিন বিশ্রাম নিয়ে মার্চের দিকে যোগ দেওয়ার পরিকল্পনা আছে। সরকারি বাসায় থাকতেন না বলে বাসা ছাড়ার প্রশ্ন নেই তাঁর।

অধ্যাপক আসিফ নজরুল নির্বাচনের পর উপদেষ্টার দায়িত্ব শেষে তিনি আবার আগের পেশায় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাবেন। এ ছাড়া মৌলিক বিষয়ে লেখালেখি ও গবেষণা করবেন। তিনি বলেন, ‘খুব অপেক্ষায় আছি, কখন আমার সেই প্রিয় জীবনে ফিরে যাব।’

সরকারি দায়িত্ব শেষে কী করবেন—এ প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপাতত কিছুদিন বিশ্রাম নেব। এরপর আগের মতোই লেখালেখিতে ফিরতে চাই।’

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার দায়িত্ব শেষে আগের মতোই সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। উপদেষ্টা হওয়ার আগে তিনি সংবাদপত্রে কলাম লিখতেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সরকারি পুলের গাড়ি ফেরত দিচ্ছেন। আগের ব্যক্তিগত গাড়ি বিক্রি করেছিলেন। আজ নতুন গাড়ি কেনার বিষয়ে খোঁজ নিয়েছেন। সরকারি দায়িত্ব শেষ হওয়ার পরপরই শুরু হবে পবিত্র রমজান মাস। অবসর সময়ে রোজা ও ইবাদতে মনোনিবেশের পরিকল্পনা রয়েছে তাঁর। রমজানের পর আবার লেখালেখি ও বই পড়ায় ফিরবেন।

নির্বাচন নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অনেক শঙ্কা ও অপপ্রচার ছিল। আয়োজনে চ্যালেঞ্জও ছিল। এখন নির্বাচন হচ্ছে এবং তিনি আশা করেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দায়িত্ব শেষে সৈয়দা রিজওয়ানা আবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) কাজে ফিরবেন।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ দায়িত্ব শেষে কিছুদিন নিরিবিলি থাকার পরিকল্পনা রয়েছে। জানালেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা লিখবেন। পাশাপাশি ব্রতীতে ফিরে যাবেন এবং মানবাধিকার বিষয়ে কাজ করবেন। জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত নারীদের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর।

বিজ্ঞাপন

পড়ুন : সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন