অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকেই বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে।
কবে থেকে চিরুনি অভিযান পরিচালনা করা হবে জানতে চাইলে তিনি বলেন, এটা এখন থেকেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার পদক্ষেপ নেয়া হচ্ছে।
এ হত্যা মামলায় রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী আগামী ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে চায়।
পড়ুন : মিটফোর্ডে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা


