হলিউডের ঝলমলে আলোয় মোড়া এক রাত। লালগালিচা পেরিয়ে একে একে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন তারকারা। এ সময় পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা দর্শকের চোখ তখন আটকে ছিল এই মঞ্চে। ডলবি থিয়েটারের সেই আলোকোজ্জ্বল অডিটোরিয়ামে। কারণ সেখানেই বসেছিল বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারের ৯৮তম আয়োজন। সেই রাতেই নতুন করে লেখা হলো সিনেমার উজ্জ্বল গল্প, অনবদ্য প্রাপ্তিতে কারও মুখে ফুটে উঠল হাসি, কেউ কেঁদেও জানিয়ে দিলেন প্রাপ্তির আনন্দটা।
আয়োজনের এই রাতের সবচেয়ে বড় মুহূর্তটি আসে যখন সেরা ছবির খাম খুলে শোনানো হয়– ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবার ইতিহাসের অংশ হয়ে গেছে।। পল টমাস অ্যান্ডারসনের এই সিনেমাই জিতে নেয় এবারের অস্কারের সেরা ছবির পুরস্কার। একই সঙ্গে সেরা পরিচালকের সম্মান ওঠে এই নির্মাতার হাতে।
১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ছবিতে সমসাময়িক আমেরিকার নানা বাস্তবতা উঠে এসেছে ভিন্ন এক সিনেমাটিক ভাষায়। বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ কিংবা শ্বেতাঙ্গ আধিপত্য– এমন নানা জটিল বিষয় থাকলেও নির্মাতা গল্পটি বলেছেন বিনোদনের মেজাজে। ফলে দর্শক যেমন গল্পে ডুবে যান, তেমনি অনুভব করেন সময়ের তীব্র বাস্তবতাও। সেরা ছবির পাশাপাশি সেরা রূপান্তরিত চিত্রনাট্য ও সেরা সম্পাদনার পুরস্কারও গেছে এই ছবির ঝুলিতে।
তবে এবারের অস্কারের আরেকটি বড় গল্পের নাম ‘সিনার্স’। রায়ান কুগলারের ভৌতিক এই সিনেমা একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে যেন আলাদা ইতিহাস গড়ে। ছবিটির জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। দ্বৈত চরিত্রে অভিনয়ের জটিলতা আর তীব্রতা– দুটোকেই তিনি এমনভাবে পর্দায় তুলে ধরেছেন যে, দর্শক ও সমালোচক দুপক্ষই মুগ্ধ। একই ছবির জন্য সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা মৌলিক সংগীত এবং সেরা চিত্রগ্রহণের পুরস্কারও পেয়েছে ‘সিনার্স’।
অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয়ের জন্য এই সম্মান পান তিনি। অস্কারের আগেই এই ছবির জন্য গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা ও অ্যাক্টর অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতে আলোচনায় ছিলেন বাকলি। অস্কারের মঞ্চে সেই ধারাবাহিকতাই যেন পূর্ণতা পেল।
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শন পেন। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় কর্নেল চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। এই অভিনয়ের স্বীকৃতিই যেন অস্কারের মঞ্চে নতুন করে ধরা দিল। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে এমি ম্যাডিগনের হাতে। হরর সিনেমা ‘ওয়েপনস’-এ অভিনয়ের জন্য তিনি এই সম্মান পান।
অ্যানিমেশন বিভাগেও ছিল চমক। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মিউজিক্যাল অ্যানিমেশন সিনেমা ‘কেপপ ডেমন হান্টার্স’ জিতে নেয় সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের পুরস্কার। একই ছবির জনপ্রিয় গান ‘গোল্ডেন’ জিতে নেয় সেরা মৌলিক গানের অস্কার। সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমার পুরস্কার গেছে ‘দ্য গার্লস হু ক্রাইড পার্লস’-এর ঝুলিতে।
প্রযুক্তিগত বিভাগেও ছিল বড় বড় অর্জন। সেরা ভিজুয়াল ইফেক্টসের পুরস্কার জিতেছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সেরা মেকআপ ও হেয়ারস্টাইলের পুরস্কার পেয়েছে ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’। সেরা সাউন্ডের পুরস্কার গেছে ‘এফ১’ সিনেমার ঝুলিতে। সেরা তথ্যচিত্রের অস্কার জিতেছে ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’। সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার জিতেছে নরওয়ের পারিবারিক নাট্যধর্মী ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।
পড়ুন:পহেলা বৈশাখ ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেবে সরকার
দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি |
ইমি/


