দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করার ঘটনায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে এ শাস্তি দেয়া হয়। সোমবার (১৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সংকটকালীন পরিস্থিতিতে সরকারের সাশ্রয় নীতির বিপরীতে বিপুল সংখ্যক গাড়ি নিয়ে শোডাউন করা সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, রোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত হাইয়েস ও প্রাইভেটকারের একটি বহর বের হয়। বহরটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এ সময় তার সমর্থকরা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেয়। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়।
পড়ুন : রাজবাড়ীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ


