আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দেশের ভবিষ্যৎ ও উন্নয়নের স্বার্থে অশিক্ষিত কাউকে ভোট দেবেন না। গতকাল রাতে সোনারগাঁয়ের পানাম ফুডে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, সংসদে যোগ্য, শিক্ষিত ও সচেতন প্রতিনিধি না গেলে জনগণের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরা সম্ভব নয়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৩ আসন শিল্প, শিক্ষা ও অর্থনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনের উন্নয়ন অব্যাহত রাখতে হলে সৎ, শিক্ষিত ও অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
পড়ুন: নারীরা ঘর থেকে বের হতে পারবেন, কর্মস্থলে নিরাপত্তা দেবে জামায়াত
আর/


