আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের প্রস্তুতি পরিদর্শনের লক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার খুলনা সফর করেছেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান মাঠপর্যায়ে মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি বিষয়ে অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
এ উপলক্ষে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার পাশাপাশি নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
খুলনা সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় খুলনা বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাগণ অংশ নেন।
পড়ুন- রূপসায় পরিত্যক্ত অবস্থায় দুই রিভলবার উদ্ধার
দেখুন- একী দেখালো ওস্তাদ ইরান?


