জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তুলশীগঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহ (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার রাজকান্দা-ঠেংগাপুর গ্রামের তুলশীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের ফারুক আহম্মেদের ছেলে। সে রাজকান্দা-ঠেংগাপুর ক্বওমী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে মাদ্রাসায় ছুটি হলে বাড়ি কাছাকাছি হওয়ায় আব্দুল্লাহ বাড়িতে যায়। পরে সকাল ১০টার দিকে ৪-৫ জন সহপাঠীকে সঙ্গে নিয়ে মাদ্রাসার সামনে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নামে সে। গোসলের একপর্যায়ে আব্দুল্লাহ সাঁতরে নদীর এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। এ সময় তার সহপাঠীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খুঁজেও তার কোনো সন্ধান না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেওয়া হয়।
খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর নদীর গভীর অংশ থেকে আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। পরে তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেজাবিন তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে স্থানীয়দের সহায়তায় নদীর গভীর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পড়ুন- সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ২৫
দেখুন- স্টাইল থেকে প্রশাসন: তারেক রহমানকে ঘিরে নতুন সংস্কৃতি!


