২০০৬ সালের ১১ জুলাই আক্কেলপুর মহিলা কলেজ সংলগ্ন অরক্ষিত রেলগেটে সংঘটিত ভয়াবহ বাস-ট্রেন দুর্ঘটনার ১৯ বছর পূর্তিতে নিহতদের স্মরণে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় দুর্ঘটনাস্থলে এ মানববন্ধনের আয়োজন করে আক্কেলপুরবাসী। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য হামিদ খান জনি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন চৌধুরী, আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের সভাপতি ইব্রাহিম হোসেন সম্রাট, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরিন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯ বছর আগে ঘটে যাওয়া এ ভয়াবহ দুর্ঘটনায় অনেক পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। অথচ আজও নিহতদের স্মরণে কোনো স্থায়ী স্মৃতিচিহ্ন নির্মাণ হয়নি। এটি আমাদের collective ব্যর্থতা। আমরা চাই, সরকার বা স্থানীয় প্রশাসন দ্রুত একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করুক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ট্র্যাজেডির কথা জানতে পারে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি
দেওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ১১ জুলাই খেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খায় এতে ঘটনাস্থলেই ৩৫ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হন। দুর্ঘটনার পর রেলগেট নির্মাণ করা হলেও নিহতদের স্মরণে আজও কোনো স্থায়ী উদ্যোগ নেয়া হয়নি।
পড়ুন: জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ
এস/


