ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে এবং একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে।
শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বৈষ্ণবপুর গ্রামের আল ইসলাম (৪০) ও সবুজ (২৫)। আদালত তাঁদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয় এবং ব্যবহৃত ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়।
এ সময় একই ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান চালানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ বলেন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন- জয়পুরহাটে বিজিবির অভিযানে কষ্টিপাথরের ২টি মূর্তি উদ্ধার, আটক ১


