ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৈত্রিক সম্পত্তি ও রেলওয়ে থেকে লিজ নেওয়া ভূমিতে প্রভাবশালী মহলের জবর দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে আখাউড়া পৌর মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক হুমায়ুন ভুইয়া, মো. শামীম আহম্মদ, সুলতান মাহমুদ, পারভীন আক্তারসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বক্তারা বলেন, আখাউড়া উপজেলার বড়বাজার এলাকায় রেলস্টেশন সংলগ্ন তাদের ১ একর ১ শতক পৈত্রিক সম্পত্তি এবং রেলওয়ে থেকে লিজ নেওয়া আরও ১ একর ২৬ শতক ভূমি রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই জমিতে ঘর তুলে ভোগদখল করে আসছেন। তবে পরিবারের সদস্যরা কর্মসূত্রে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করায় সুযোগ বুঝে একই গ্রামের আনোয়ার হোসেন কাজল, আলী হোসেনসহ একটি চক্র ভূয়া দলিল তৈরি করে জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।
এরই জের ধরে গত ১৩ অক্টোবর আনোয়ার হোসেন কাজল ও আলী হোসেনের নেতৃত্বে চক্রটি হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে এবং ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দেয়। এ ঘটনায় মো. শামীম আহম্মদ আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ভুক্তভোগী পরিবার জানায়, বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “ভূমিটি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে— একপক্ষ লিজ নেওয়ার দাবি করছে, অন্যপক্ষ পৈত্রিক সম্পত্তি বলে দাবি করছে। হামলার ঘটনায় আনোয়ার হোসেন ও আলী হোসেনের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ পেলে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।”
পড়ুন : আখাউড়ায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


