শেষ মুহূর্তে এসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। এক প্রার্থীকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে ভোটের দিন সহিংসতার আশঙ্কাও প্রকাশ করেছেন ওই প্রার্থী।
মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জামায়াত মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকারকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে।
উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তিনি নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করেন।
আতাউর রহমান সরকার অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আমি অসুস্থ এক মুরুব্বীকে দেখতে সেখানে যাই। সঙ্গে স্থানীয় ১০ জন কেন্দ্র প্রতিনিধি ছিলেন। কুশলাদি বিনিময় শেষে বের হওয়ার সময় বশির আহমেদ নামের এক যুবদল নেতার নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা আমার সহকর্মীদের লাঞ্ছিত করেন। গাড়িতে ওঠার পরও হামলা করা হয়। পরে ম্যাজিস্ট্রেট ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
তবে ধরখার ইউনিয়নের বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক নেতা মো. নাছির উদ্দিন হাজারী বলেন, ‘নির্বাচনী আচরণবিধি না মেনে জামায়াত প্রার্থী প্রচার চালাচ্ছিলেন। প্রচারের সময় শেষ হয়ে যাওয়ার পরও কেন তারা সেখানে এসেছেন—এ নিয়ে স্থানীয় লোকজন জানতে চান।’
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

